বরাক তরঙ্গ, ২৫ মে : শিলচরে ৭ জুন রবিবার ক্যারিয়ার কাউন্সেলিং সহ বিশেষ অনুষ্ঠান সমাজের শিক্ষাগত অগ্রগতিকে উৎসাহিত করতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে আসাম বিশ্ববিদ্যালয় তপশিলী জাতি ও তপশিলী জনজাতি কর্মচারী কল্যাণ সমিতি (AUSEWA)। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করা তপশিলি জাতি ও তপশিলি জনজাতি শ্রেণির ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে এগিয়ে এসেছে সমিতি।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ড অফ সেকেণ্ডারি এডুকেশন (সেবা) আসাম, সেন্ট্রাল বোর্ড অফ সেকেণ্ডারি এডুকেশন (সিবিএসই) এবং আসাম হাইয়ার সেকেণ্ডারি এডুকেশন কাউন্সিল পরিচালিত পরীক্ষায় অংশ নিয়ে যারা ৭০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জন করেছে, তারাই এই সংবর্ধনার জন্য আবেদন করতে পারবে। ইচ্ছুক ও যোগ্য ছাত্রছাত্রীদের আসাম বিশ্ববিদ্যালয় তপশিলী জাতি এবং তপশিলী জনজাতি কর্মচারী কল্যাণ সমিতি (AUSEWA)-র অফিসিয়াল ওয়েবসাইট (www.ausewa.org) থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতি/জনজাতি সনদপত্র এবং সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিটের অনুলিপি জমা দেওয়া আবশ্যক। নথিপত্রগুলি হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯৫৭৭৭৯০২২, ৭০০২৬৬৭১২৪ এবং ৯৬১৩১৬৯২৫৬-এ পাঠানো যাবে অথবা সমিতির ওয়েবসাইটে উপলব্ধ Google Form-এর মাধ্যমেও জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন ২০২৬।
এদিকে নির্বাচিত ছাত্রছাত্রীদের সম্মান জানাতে এবং তাদের ভবিষ্যৎ পথনির্দেশের লক্ষ্যে একটি সংবর্ধনা-সহ-ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান আগামী ৭ জুন ২০২৬ (রবিবার) সকাল ১০টা ৩০ মিনিটে ডঃ বি আর আম্বেদকর ভবন, পার্ক রোড, শিলচরে অনুষ্ঠিত হবে।



