কাটলিছড়ার পিএম শ্রী চার্লমার্স হায়ার সেকেন্ডারি স্কুলে রক্তদান সচেতনতা সভা

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ঘরে ঘরে একজন রক্তদাতা তৈরীর উদ্দেশ‍্যে বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ কাটলিছড়ার পিএম শ্রী চার্লমার্স হায়ার সেকেন্ডারি স্কুলে এক রক্তদান সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর বারোটায় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে ফোরামের জেলা সমিতির সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় ও সম্পাদক রঞ্জিৎ ঘোষ স্কুলে উপস্থিত হয়ে রক্তদান বিষয়ক বিভিন্ন তথ‍্য তুলে ধরেন। শুরুতে এই স্কুলের শিক্ষক ইন্দ্রনীল চক্রবর্তী ছাত্রছাত্রীদের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দিয়ে রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব‍্য রেখে ছাত্রছাত্রীদের বিষয়টি গুরুত্ব সহ অনুধাবনের পরামর্শ দেন।

অনুরূপ ভাবে অধ‍্যক্ষা কৃষ্ণা মোহন্তও অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব‍্য প্রদান করেন। এরপর ফোরামের প্রতিনিধিরা রক্ত বিজ্ঞান ও রক্তদান সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সঙ্গে কেন রক্তদান করবেন, কারা রক্তদান করতে পারেন, রক্তদান করলে কি হয়, রক্তের গ্রুপ, রক্তের বিভিন্ন উপাদান, কতদিন পর রক্তদান করা যায়, কতদিনে সেই রক্ত পূরণ হয়, রক্তদানের পর কি কি সতর্কতা অবলম্বন করতে হয় ও অন‍্যান‍্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক বিষয় নিয়ে বক্তব‍্য রাখার পাশাপাশি থ‍্যালাসেমিয়া, ক‍্যান্সার, প্রসবকালীন সময়ে মহিলাদের রক্তের প্রয়োজনীয়তা, রক্তাল্পতা নিয়ে বিষদ আলোচনা করেন। তাছাড়া রক্তদান করলে রক্তদাতার যে উপকার হয় সেকথা বুঝিয়ে দেন।

সচেতনতা সভায় উপস্থিত দ্বাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী মনযোগ সহ বক্তাদের বক্তব‍্য শোনেন এবং আগামীতে তারাও রক্তদান করবেন বলে জানান। বক্তারা বলেন যে ছাত্র-ছাত্রীরাই হলো আগামী দিনের সমাজ সংগঠক। তারা সচেতন হলেই সমাজ তথা দেশ সচেতন হবে এবং রক্তের অভাব বলে কিছু থাকবে না। আজকের এই সচেতনতা সভা অত‍্যন্ত ফলপ্রসু ও আকর্ষণীয় হয়েছে বলে ফোরামের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের আন্তরিক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার কাজ শেষ হয়। এদিনের সচেনতা সভায় স্কুলের পক্ষে তিন শিক্ষক সন্তোষ ভার্মা, নজমুল হক বড়ভূইয়া এবং রুবেল শর্মা প্রমুখ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের রক্তদান বিষয়ে আগ্রহী হবার জন‍্য উৎসাহ ব‍্যঞ্জক বক্তব‍্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *