বাজেটে পৃথক বরাদ্দ না থাকলেও সাংবাদিকদের কল্যাণে প্রকল্প বাস্তবায়নের আহ্বান সংঘের

Spread the news

গুয়াহাটিতে অসম বার্তাজীবী সংঘের কার্যনির্বাহী সভা

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : রাজ্য বাজেটে সাংবাদিকদের জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দ না থাকলেও তাঁদের কল্যাণে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। সোমবার গুয়াহাটিতে অনুষ্ঠিত সংঘের রাজ্য কার্যনির্বাহী সমিতির সভায় এই দাবি জানানো হয়।

সংঘের সভাপতি মধুসূদন মেধির সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মা। সভায় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা মুকুট রাজ শর্মা, জগদীশ চন্দ্র পাটগিরী, সহ-সভাপতি ভাস্কর শর্মা ও যতীন ভাগবতী, সহকারী সাধারণ সম্পাদক অখিল কলিতা ও সোনাধর ডেকা, কার্যালয় সম্পাদক আদিত্য চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ নবনীতা কলিতা, সাংগঠনিক সম্পাদক অশ্বিনী কুমার দুওরা, প্রশান্তকুমার মোদক, কিশোরজ্যোতি শর্মা, রাজ্য কার্যনির্বাহী সদস্য কমল তালুকদার, মনোজকুমার গগৈ, তরণী চরণ কলিতা, সাহেদ আলি আহমেদসহ অন্যান্যরা।

সভায় সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মা সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজ্যের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সংঘের নেওয়া উদ্যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

সভা শেষে এক বিবৃতিতে সভাপতি মধুসূদন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মা বলেন, প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া, সরকারি প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করা এবং মানুষের সমস্যা সরকারের নজরে আনার ক্ষেত্রে সাংবাদিক ও সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অসমের সাংবাদিকরা আজও নানা সমস্যায় জর্জরিত।

তাঁদের অভিযোগ, অর্থাভাবে অনেক সাংবাদিক ও তাঁদের পরিবার যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বহু পরিবার মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারছেন না। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হচ্ছে। দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে, এমনকি নওবৈচার সাংবাদিক অঞ্জন উপাধ্যায়ের মতো ঘটনায় বাড়ি থেকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার কারণে গুয়াহাটির প্রাগজ্যোতিষপুর থানায় এক সাংবাদিককে পুলিশ আধিকারিকের হুমকির মুখে পড়তে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমন পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। একই সঙ্গে সাংবাদিকদেরও পেশাগত মর্যাদা ও নৈতিকতা অটুট রাখার আহ্বান জানানো হয়েছে।

সংঘের পক্ষ থেকে চলতি অসম বিধানসভা অধিবেশনেই রাজ্যের সাংবাদিকদের সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ আইন প্রণয়নের দাবিও পুনর্ব্যক্ত করা হয়েছে। এ বিষয়ে রাজ্যের শাসক ও বিরোধী—উভয় পক্ষের বিধায়কদের সহযোগিতা কামনা করেছেন সংঘের সভাপতি মধুসূদন মেধি এবং সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *