২৯ জুন : উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, হস্টেলের ঘর থেকে উদ্ধার এক জুনিয়র চিকিৎসকের দেহ। ওই প্রতিষ্ঠান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধীন। মৃতের নাম ঋত্বিক কুণ্ডু (২৬)। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। ওই ঘটনায় চিকিৎসক মহল এবং বিশ্ববিদ্যালয় চত্বরে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ঋত্বিক কুণ্ডুকে তাঁর হস্টেলের ঘরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ চিকিৎসকের ঘর থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে। পাশাপাশি তাঁর হাতে একটি ইন্ট্রাভেনাস (IV) ড্রিপ লাগানো ছিল বলেও তদন্তকারীরা জানিয়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও তদন্তে নেমেছেন।
জানা গেছে, ওই চিরকুটে ঋত্বিক তার বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, তিনি তাঁদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বাইরে থেকে জীবনকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক বেশি কঠিন; তাই তিনি স্বেচ্ছায় নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটের বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চিকিৎসকের পরিবার, সহপাঠী এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে তাঁর সাম্প্রতিক মানসিক অবস্থা ও ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।



