অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম চালু করতে বিওপিটির সঙ্গে চুক্তি আসাম বিশ্ববিদ্যালয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : পড়ুয়াদের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ ও অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম-এর সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিং (ইস্টার্ন রিজিয়ন)-এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল আসাম বিশ্ববিদ্যালয়। গতকাল উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থের উপস্থিতিতে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিঙের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক ড. এসএম ইজাজ আহমদ ও ওএসডি সাজিদ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ, সেন্টার ফর ক্যারিয়ার প্লেসমেন্ট অ্যান্ড কাউন্সেলিং-এর ডিরেক্টর অধ্যাপক দেবমাল্য ঘোষ, কলেজ ডেভেলপমেন্ট সেন্টারের অধিকর্তা জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে বিওপিটির পরিচালক ড. ইজাজ আহমদ বোর্ডের কার্যক্রমের পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম এবং অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই সমঝোতার ফলে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলির শিক্ষার্থীরাও উপকৃত হবেন বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ সংক্রান্ত সুযোগ গ্রহণের জন্য নির্ধারিত পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। অন্যদিকে, যেসব প্রাক্তন শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন করার পর পাঁচ বছর পূর্ণ হয়নি, তাঁদের বিওপিটির এনএটিএস পোর্টালে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এই কর্মসূচির নোডাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক দেবমাল্য ঘোষ। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *