বরাক তরঙ্গ, ৭ মে : আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়ন মাসিমপুরে এনসিসি ক্যাডেটদের জন্য দু’দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শিবির সফলভাবে আয়োজন করে। আধুনিক ড্রোন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইউএএস/সি-ইউএএস (Unmanned Aerial System/Counter-Unmanned Aerial System) সংক্রান্ত প্রাথমিক ধারণা ও মোতায়েন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। বুধবার প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১৬৩ জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে। এর মধ্যে ১২৫ জন ছেলে এবং ৩৮ জন মেয়ে ক্যাডেট ছিল। অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেয় বলে জানানো হয়েছে।

প্রশিক্ষণে ড্রোনের বিভিন্ন উপাদান, এর কার্যক্ষমতা, পরিচালনা পদ্ধতি এবং ড্রোন মোকাবিলার প্রাথমিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ক্যাডেটদের হাতে-কলমে ড্রোন পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্যাডেটরা ড্রোন ওড়ানোর প্রাথমিক কৌশল ও উড্ডয়ন অনুশীলনে অংশ নেয়, যা তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজের মধ্যে প্রযুক্তিগত সচেতনতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আধুনিক নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।



