বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কালাইন ব্লকের অধীন কুরকুরি গ্রাম পঞ্চায়েতের কুরকুরি ১ম খণ্ড এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন বন্ধ থাকায় তীব্র জমাজলে সৃষ্টি হয়েছে। ফলে বর্ষাকালে রাস্তায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান জল জমে থাকছে। টানা বৃষ্টিতে বহু বাড়িঘরও জলমগ্ন হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পড়ুয়া, বয়স্ক ও শয্যাশায়ী রোগীরা।
স্থানীয়দের অভিযোগ, এলাকার পূর্ত সড়কের সঙ্গে সংযোগকারী একমাত্র গ্রামীণ সড়কের পাশ দিয়ে থাকা স্থায়ী ড্রেন দিয়েই এতদিন জমা জল নিষ্কাশন হতো। কিন্তু অজ্ঞাত কারণে গত ৪-৫ বছর ধরে ড্রেনটি বন্ধ হয়ে থাকায় বর্ষা এলেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন বহু পরিবার।
গণঅভিযোগের ভিত্তিতে কুরকুরি গ্রাম পঞ্চায়েতের সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করেন। তদন্তে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার বাস্তব চিত্র তুলে ধরেন। অভিযোগের সত্যতা মিললেও সমস্যার স্থায়ী সমাধান এখনও সম্ভব হয়নি বলে জানা গেছে।
এলাকাবাসী ব্লক প্রশাসন, কাটিগড়ার বিধায়ক এবং সংশ্লিষ্ট জেলা বিভাগের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, সরেজমিনে তদন্ত করে দ্রুত ড্রেন সংস্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
ভুক্তভোগীদের হুঁশিয়ারি, প্রশাসনের তরফে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তাঁরা আইনের দ্বারস্থ হবেন।



