বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : রাধামাধব কলেজ এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপম্যান্ট সেলের উদ্যোগে শনিবার কলেজ প্রাঙ্গণে আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনীর উদ্বোধন করেন শিলচর টিটি কলেজের অধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য ও রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী।
এদিনের এই আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনী ও বিক্রয়ে অন্তর্ভুক্ত ছিল চিত্রকলা, ভাস্কর্য, হাতের তৈরি গয়না, এমব্রয়ডারি / সূচিশিল্প, বস্ত্র ও টেক্সটাইল শিল্প, হাতের তৈরি গৃহসজ্জার সামগ্রী, বাঁশের শিল্পকর্ম ও বোতল পেইন্টিং, ম্যাক্রামে। এছাড়াও ছিল ঘরে তৈরি খাবার ও নানান ধরনের স্ন্যাকস। যারমধ্যে ছিল নেপালি খাবার, কেক, দই ফুচকা, চাট ইত্যাদি। উক্ত প্রদর্শনীতে রাধামাধব কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজের প্রাক্তনীরাও অংশগ্রহণ করেছিলেন। অন্নপূর্ণা রসই, ড্রিমস ক্রিয়েশন দুটি স্টল ছিল প্রাক্তনীদের। তাঁদের সঙ্গে ‘চিন্ময়ীস বুটিক’ নামের একটি বুটিকও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপম্যান্ট সেলের আহ্বায়ক তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন এখানে আর্ট ও ক্রাফ্ট প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে তাদেরকে আত্মনির্ভর করে গড়ে তোলা এবং আজকের এই অনুষ্ঠান তারই এক ছোট্ট প্রয়াস মাত্র। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে ছাত্র ছাত্রীদেরকে শুধুমাত্র সরকারি চাকরির আশায় বসে থাকলে হবে না বরং নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানকে সফল রূপ দিতে সক্রিয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সহেলি ভট্টাচার্য, বৈশালী চক্রবর্তী, উজ্জ্বল কর্মকার সহ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান অরুন্ধতী দত্ত চৌধুরী ।
এদিন মুখ্য অতিথির ভাষণে শিলচর টি টি কলেজের অধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এধরণের উদ্যোগ প্রশংসার যোগ্য। ছাত্র ছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে তা অত্যন্ত সুন্দর ভাবে তারা প্রদর্শন করেছে। তিনি আরও বলেন নিজের এই প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে যাতে সেটাকে উপার্জনের রাস্তা হিসেবে বেছে নেয় ছাত্র ছাত্রীরা সেকথা মাথায় রাখতে হবে তাদের। রাধামাধব কলেজ কর্তৃপক্ষের তরফে তাকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে রাহুল শরনিয়া, জীবন দাশ, কালীপদ দাশ, সন্তোষ বরা, সিএইচ মণিকুমার সিংহ, রুমা নাথ চৌধুরী, বিধান বর্মণ, সূর্য্যসেন দেব, স্বর্ণালী রায় চৌধুরী, আশিসতরু রায়, নবনিতা দেবনাথ, নম্রতা নাথ, সুরভি ঘোষ প্রমুখ।



