বরাক তরঙ্গ, ১৫ মে : ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মানুষ-হাতির সংঘাত। হাতি ও মানুষের সংঘাতে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। নষ্ট হচ্ছে মানুষের ফসলের খেত, বাড়িঘর। এবার সামাগুড়িতে বন্যহাতির তাণ্ডব। বন্যহাতির হামলায় প্রাণ হারালেন দুই ব্যক্তি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন বাজিয়াগাঁওয়ের শরিফুল ইসলাম। জানা গেছে, শরিফুল নিজের সবজির খেতে কাজ করার সময় আচমকাই একটি বন্যহস্তীর মুখোমুখি হন। এরপর হাতিটি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, বন্যহাতির পালটিকে তাড়ানোর চেষ্টা করার সময় প্রণব দাস নামে আরও এক ব্যক্তির উপর হামলা চালায় হাতিটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রণব দাসের। ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। ইতিমধ্যে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় এখনও বন্যহাতির পাল অবস্থান করায় চরম আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।



