বরাক তরঙ্গ, ২৭ মে : মাদক কারবারের পাশাপাশি এবার জাল নোটের সাম্রাজ্য বিস্তারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল খোয়াই জেলায়। খোয়াই থানাধীন মহাদেবটিলা এলাকায় গোয়েন্দা বিভাগ ও জেলা পুলিশের যৌথ অভিযানে ১৩ হাজার ৪০০ টাকার জাল ভারতীয় নোট এবং মাদক ট্যাবলেটসহ কার্তিক দেবনাথ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপনে জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল মহাদেবটিলা এলাকার বাসিন্দা কার্তিক দেবনাথের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ, কল্যানপুর থানা, খোয়াই থানা এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির যৌথ টিম মঙ্গলবার তার আস্তানায় হানা দেয়।
তল্লাশি চালিয়ে পুলিশ অভিযুক্তের হেফাজত থেকে মোট ১৩,৪০০ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করে। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ছিল ৫০০ টাকার ১৮টি, ২০০ টাকার ১২টি এবং ১০০ টাকার ২০টি নোট। পাশাপাশি উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদক ট্যাবলেটও।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে জাল নোট সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে।



