সোনাইতে সেবা সংকল্প অভিযানে ব্যাপক সাড়া
আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সোনাইতে সেবা সংকল্প অভিযানে ব্যাপক সাড়া পড়েছে। সোমবার সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে মাল্টিপারপাস হলে সেবা সংকল্প অভিযান অনুষ্ঠানে ছিল আনন্দ উল্লাস। এতে সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা কর্মী ও সুপারভাইজারদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এতে সরকারি ভাবে সম্মাননা আর অনুদান প্রদানের মত বিশেষ উদ্যোগ আশাকর্মীদের দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে উল্লসিত আশাকর্মীদের অভিমত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি আশাকর্মী ও সুপারভাইজারদের সমাজ সেবামূলক কাজের প্রশংসা করেন। তিনি বলেন, স্বল্প পারিশ্রমিক লাভ করে আশাকর্মীরা স্বাস্থ্য সেবার মত গুরু দায়িত্ব পালন করছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন বিকশিত ভারত ও শ্রেষ্ঠ ভারত নির্মাণে সর্ব শ্রেণির জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ইনচার্জ ডাঃ মুক্তার হোসেন। বিজেপি সরকারের আমলে বিভিন্ন কাজকর্মের প্রশংসা করে বক্তব্য রাখেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, দুই জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সাহিন লস্কর সহ অন্যান্যরা।




