বরাক তরঙ্গ, ৭ জুলাই : পুলিশের জালনোটবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই চলছে জালনোট চক্রের বিরুদ্ধে তল্লাশি। সম্প্রতি গুয়াহাটিতে একটি জালনোট তৈরির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করার পর তদন্তে উঠে আসে লখিমপুরের যোগসূত্র।
তদন্তে স্পষ্ট হয়, লখিমপুর থেকেও জালনোটের কারবার পরিচালিত হচ্ছিল। এরপরই জেলাজুড়ে জোরদার অভিযান শুরু করে পুলিশ। সোমবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাতভর লখিমপুর পুলিশের একাধিক দল বঙ্গালমরা, লালুক, নাওবৈচা-সহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালায়। জালনোট ও নকল সোনার কারবারে জড়িত সন্দেহে একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযান চলে বঙ্গালমরা, ২ নম্বর ইসলামপুর, লালুকের যুবনগর, বেচাপট্টি, দলহাট পুলিশ ফাঁড়ির বালিটিকা, বালিজান, নাওবৈচার মহঘুলি, পশ্চিম মহঘুলি, পানধোয়া ও বরগোলা এলাকায়। পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন— বালিজানের আব্দুল রাজাক, রজিবুল হক, মুকসিদুল আলম, রিয়াজউদ্দিন ও ইমরান হোসেন, বালিটিকার মতিউর রহমান, পানধোয়ার শাহাবুল ইসলাম, মহঘুলির ইকরামুল ইসলাম ও হিবজুর রহমান এবং ২ নম্বর ইসলামপুরের মিজানুর রহমান।
ঘটনার প্রেক্ষিতে লালুক থানায় ১৩২/২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৭৮, ১৭৯, ১৮০, ১১১(২)(বি) এবং ৬১(২) ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। লখিমপুরে বিপুল পরিমাণ জালনোট উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



