কাটিগড়ায় বায়তুল মাল তহবিল থেকে ১৫৫ জনের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ জুলাই :
মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা এবং ইসলামী কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে কাটিগড়া আঞ্চলিক এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের উদ্যোগে বায়তুল মাল তহবিল থেকে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের মাঝে আর্থিক সহায়তা ও টিন বিতরণ করা হয়েছে।
গত ৬ জুলাই আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চলতি বছরের বায়তুল মাল তহবিলের সহায়তা প্রদান করা হয়। আয়োজকদের সূত্রে জানা যায়, চলতি বছরে কাটিগড়া আঞ্চলিক এলাকায় বায়তুল মাল তহবিলে মোট ৪ লাখ ১৩ হাজার ৮৯০ টাকা সংগ্রহ হয়েছে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় গঠিত এই তহবিল থেকে এলাকার অভাবগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রদান করা হয়।

এ বছর জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য নগদ অর্থ প্রদান এবং গৃহনির্মাণে সহায়তার উদ্দেশ্যে টিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ১৫৫ জন উপকারভোগীর হাতে ৩ লাখ ৩১ হাজার ১১০ টাকার আর্থিক সহায়তা ও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ক্বাজিয়ে শরয়ীয়ত মাওলানা আব্দুল খালিক, আঞ্চলিক সভাপতি আব্দুল হামিদ, আঞ্চলিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, যুব নদওয়ার সম্পাদক হাফিজ বদরুল আলম, সাহাব উদ্দিন, ইমাদ উদ্দিন, সেলিম উদ্দিন, মওলানা জয়নুল করিম, মওলানা উবায়দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। বায়তুল মাল ব্যবস্থা সেই আদর্শেরই একটি বাস্তব ও কার্যকর রূপ। তারা বলেন, যাকাত, সদকা ও স্বেচ্ছা অনুদানের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। ভবিষ্যতে আরও বেশি মানুষকে এই মহতী উদ্যোগে সম্পৃক্ত হয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় বায়তুল মাল তহবিলের উন্নতি, দাতাদের কল্যাণ এবং সুবিধাভোগীদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *