ডিআরইউসিসি-তে ফের মনোনীত শুভ্রজ্যোতি সরকার, রেলযাত্রীদের সমস্যা সমাধানে অগ্রাধিকারের আশ্বাস

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি (ডিআরইউসিসি)-র সদস্য হিসেবে পুনরায় মনোনীত হলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী তথা বদরপুরের বাসিন্দা শুভ্রজ্যোতি সরকার। রেলযাত্রীদের বিভিন্ন সমস্যা, যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং রেল পরিকাঠামোর উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই মনোনয়নকে দেখা হচ্ছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের অনুমোদনক্রমে লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কার্যালয় থেকে পত্র মারফত তাঁকে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে নর্থ-ইস্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তাঁর নাম আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। এর আগে সংশ্লিষ্ট কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মনোনয়নের পর রেল বিভাগকে ধন্যবাদ জানিয়ে শুভ্রজ্যোতি সরকার জানিয়েছেন, রেলযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাবেন। যাত্রীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং পরিষেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন বলেও আশা প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, মিজোরাম-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের রেলযাত্রীদের নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন শুভ্রজ্যোতি সরকার। রেলযাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

পেশায় আইনজীবী শুভ্রজ্যোতি সরকার বিবেকানন্দ যুব ফোরাম, অসমের সভাপতি এবং নর্থ-ইস্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রেলযাত্রীদের স্বার্থরক্ষা ও পরিষেবার মানোন্নয়নে তাঁর এই ভূমিকার প্রেক্ষিতে ডিআরইউসিসি-তে পুনর্নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাঁর এই মনোনয়নে বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *