বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : দক্ষিণ শালমারা-মানকাচার জেলার মানকাচর শিক্ষাখণ্ডের অন্তর্গত ২১২৯ নম্বর বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন সহকারী টেট শিক্ষক দীপাঙ্কর দাসের ওপর ধারালো দা দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের রাঁধুনি মমেনা খাতুনের ছেলে ইলিয়াস ইসলাম শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক দীপাঙ্কর দাসের ওপর ধারালো দা দিয়ে আক্রমণ চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে শিক্ষকের হাতে গুরুতর আঘাত লাগে। নিয়মিত পাঠদান চলাকালীন এই ঘটনায় বিদ্যালয় চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।

আহত শিক্ষক দীপাঙ্কর দাসের বাড়ি কামরূপ জেলার রঙিয়া থানার অন্তর্গত চানমাগুড়ি গ্রামে। হামলার পর তাঁকে প্রথমে হাটশিঙিমারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে।
এদিকে, হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মানকাচার পুলিশ। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মানকাচার জেলায় কর্মরত অন্যান্য জেলার শতাধিক টেট শিক্ষক-শিক্ষিকা একত্রিত হয়ে হাটশিঙিমারিতে উপস্থিত হন। তাঁরা জেলা কমিশনার, জ্যেষ্ঠ পুলিশ সুপার এবং মানকাচর ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিকের (বিইইও) সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে মানকাচরের দুর্গম এলাকায় কর্মরত বহিরাগত শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।



