হজযাত্রীদের ওপর অতিরিক্ত ১০ হাজার টাকার বিমানভাড়া চাপ, উদ্বেগ

Spread the news

৩০ এপ্রিল: পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত ভারতীয় হজযাত্রীদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। Haj Committee of India হজ ২০২৬-এর বিমান ভাড়ার জন্য অতিরিক্ত ১০,০০০ টাকা জমা দেওয়ার নির্দেশ জারি করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হজযাত্রীদের একাংশ জানিয়েছেন, বিমানের টিকিট নিয়ে ইতিমধ্যেই মক্কা ও মদিনা পৌঁছে যাওয়ার পর হঠাৎ এই অতিরিক্ত অর্থ জমার নির্দেশ সম্পূর্ণ অপ্রত্যাশিত। এতে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বহু সাধারণ যাত্রী এই সিদ্ধান্তে চরম দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানা গেছে।

যাত্রীদের অভিযোগ, অধিকাংশ হজযাত্রী বর্তমানে বিদেশে থাকায় নেট ব্যাঙ্কিং ব্যবহারে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভারতে সক্রিয় থাকলেও বিদেশে কাজ করছে না, ফলে অনলাইনে অর্থ জমা দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

হজযাত্রীদের বক্তব্য, “আমরা হজের পবিত্র সফরে এসে ইবাদতে মন দিতে চেয়েছিলাম। কিন্তু এই হঠাৎ আর্থিক নির্দেশ আমাদের মানসিকভাবে অস্থির করে তুলেছে।”

এই পরিস্থিতিতে হজযাত্রীরা Haj Committee of India-এর কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, বিদেশে থাকা যাত্রীদের বাস্তব সমস্যার কথা মাথায় রেখে দ্রুত কার্যকর ও গ্রহণযোগ্য সমাধান বের করতে হবে, যাতে হজ পালনের সময় অতিরিক্ত ভোগান্তি না হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে বিমান জ্বালানির সংকটকে কারণ দেখিয়ে এই অতিরিক্ত অর্থ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে যাত্রীদের প্রশ্ন, যাত্রা শুরুর আগে নয়, পবিত্র ভূমিতে পৌঁছানোর পর কেন এই সিদ্ধান্ত কার্যকর করা হলো?
এই ঘটনায় হজযাত্রীদের উদ্বেগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *