পিক আপ ভ্যান ও এসইউভি-র মুখোমুখি, ১২ জনের মৃত্যু, গুরুতর জখম ২০, শোক মোদির

Spread the news

৩০ এপ্রিল : পিক আপ ভ্যান আর এসইউভি-র মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ১২ জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন অন্তত ২০ জন। বুধবার রাতে মধ্যপ্রদেশের ধর জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। রাতেই শোকপ্রকাশ করে মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পুলিশ জানিয়েছে, বাগ্গাদ এলাকা থেকে ধর জেলায় ফিরছিলেন প্রায় ৩৫ জন শ্রমিক। দ্রুত গতিতে ছুটছিল পিক আপ ভ্যানটি। চিকলিয়া ক্রসিংয়ের একটি পেট্রল পাম্পের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। সেই সময়ে রাস্তার উল্টোদিক থেকে একটি এসইউভি আসছিল। তাকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ধর জেলার কালেক্টর অভিষেক চৌধুরি। তিনি বলেন, ‘ওভারলোডিংয়ের কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।’ ইতিমধ্যেই বেপরোয়া ড্রাইভিংয়ের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হাসপাতালের চিকিৎসক ছত্রপাল সিং চৌহান বলেন, ‘পিকআপ ভ্যানে প্রায় ৩৫ জন ছিলেন। সকলকেই হাসপাতালে আনা হয়েছে। ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে। ৮ থেকে ১০ জনের অবস্থা খুবই গুরুতর।’ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *