দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : উজান অসমের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে শিবসাগর জেলার উদ্দেশ্যে রওনা দিল ধলাই বিধানসভা কেন্দ্রের আমড়াঘাট এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমড়াঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ’। শনিবার দুপুরে আমড়াঘাট বাজার থেকে খাদ্যসামগ্রী, পানীয় জল এবং অন্যান্য জরুরি সামগ্রী বোঝাই একটি লরিতে ৩০ সদস্যের দলটি যাত্রা শুরু করে।
এই ত্রাণযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ। তিনি বিজেপির দলীয় পতাকা প্রদর্শন ও নারিকেল ফাটিয়ে অভিযানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গানগর-রুকনি জেলা পরিষদের সদস্য মিহিরকান্তি রায়, বিজেপি রাজ্য ওবিসি মোর্চার কোষাধ্যক্ষ কৃষ্ণজীবন দেবনাথ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস, বিজেপির পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি সুমেন দাশ, আমড়াঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র পাল, অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, প্রদীপ দাশ-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
যাত্রার সূচনা উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক অমিয়কান্তি দাশ বলেন, উজান আসামের শিবসাগর-সহ চারটি জেলায় ভয়াবহ বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত মানুষ এখনও নানা সমস্যার মধ্যে রয়েছেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে আমড়াঘাট স্বেচ্ছাসেবী গ্রুপের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ৩০ সদস্যের দলটি শিবসাগরে অবস্থান করে ত্রাণ ও উদ্ধারকাজে অংশ নেবে। পাশাপাশি বন্যাদুর্গতদের মধ্যে পানীয় জল, খাদ্যসামগ্রী এবং বন্যা-পরবর্তী প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবে।
বিধায়ক আরও জানান, ত্রাণদল যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছে নির্বিঘ্নে কাজ পরিচালনা করতে পারে, সে জন্য তিনি কাছাড় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং শিবসাগর জেলার মন্ত্রী সুশান্ত বড়গোহাঁইয়ের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী দলের সফল ও নিরাপদ অভিযানের জন্য ভুবনবাবার আশীর্বাদ কামনা করেন।



