বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : সারা অসমের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা কাছাড় জেলা ছাত্র সংস্থা। শুক্রবার শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনের সদস্যরা জড়ো হয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে গিয়ে সব ক্ষেত্রেই প্রভাব পড়ছে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়, সরকার যদি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেয় এবং জ্বালানির দাম কমানোর উদ্যোগ গ্রহণ না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ছাত্র সংস্থা।
এদিন ছাত্র নেতারা শিলচর শহরের বেহাল রাস্তাঘাট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, খারাপ রাস্তার কারণে প্রতিদিন স্কুল-কলেজে যেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক ও অন্যান্য পরীক্ষার জন্য বরাক উপত্যকার বাইরে যেতে বাধ্য হওয়ায় শিক্ষার্থীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।
সংগঠনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রছাত্রীদের এই দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও জোরদার গণআন্দোলন গড়ে তোলা হবে।



