২৯ সেপ্টেম্বর : ভারত-মায়ান্মার সীমান্তে উগ্রপন্থীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সীমান্তের পাংসু পাস এলাকায় টহলরত ২১ নম্বর আসাম রাইফেলসের একটি দলের ওপর অ্যামবুশ চালানোর অভিযোগ উঠেছে। হামলাকে কেন্দ্র করে উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গুলির লড়াই হয়। বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, এ ঘটনায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও চার জওয়ান।
প্রাথমিকভাবে এই হামলার সঙ্গে NSCN(KYA) এবং ULFA (স্বাধীন)-এর জঙ্গিদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ঘটনার পর ভারত-মায়ানমার সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হামলার পর এলাকায় তল্লাশি অভিযানও শুরু হয়েছে বলে জানা গেছে।



