বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে কাছাড় জেলার লক্ষীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল আসাম রাইফেলস। শিলচরের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)-এর সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে প্রায় ১৬৮ কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা লরিও জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে লক্ষীপুরের জুজাং পাহাড় এলাকায় অভিযান চালায় আসাম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ দল। তল্লাশি চালিয়ে প্রায় ৬০ কেজি ওজনের ৫ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১৬৮ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিপুল পরিমাণ ইয়াবা প্রতিবেশী মণিপুর থেকে অসমে নিয়ে আসা হচ্ছিল। পরে ৩৭ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে মাদকগুলো অসমের বিভিন্ন এলাকায় পাচারের পরিকল্পনা ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। তাঁদের ধারণা, আন্তঃরাজ্য মাদক পাচারচক্রটি কাছাড় ও শ্রীভূমি জেলাকে মাদক পরিবহনের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।
আটক ব্যক্তিকে উদ্ধার হওয়া মাদক, লরি ও অন্যান্য সামগ্রীসহ পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনাকে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখছে আসাম রাইফেলস। একই সঙ্গে ডিআরআই ও আসাম রাইফেলসের সমন্বিত অভিযানের কার্যকারিতাও এই অভিযানের মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচারের নেটওয়ার্ক ভেঙে দিতে আগামী দিনেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।



