সোনাইয়ে ছাত্রীর শ্লীলতাহানি ও শিলচরে স্পা-কাণ্ডের প্রতিবাদে সরব এআইডিএসও

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই : কাছাড় জেলার সোনাইয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এবং শিলচর শহরে স্পা-র আড়ালে অবৈধ দেহব্যবসা পরিচালনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কাছাড় জেলা কমিটি। নির্যাতিতা ছাত্রীর উপযুক্ত ন্যায়বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক বছরগুলিতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত ছাত্রী ও মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাঁর অভিযোগ, মাদকের বিস্তার এবং অশ্লীলতার প্রসার এই ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। পাশাপাশি সমাজের একাংশের ক্ষমতালোভী ও অর্থলোভী ব্যক্তিরা এই অসামাজিক চক্রকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছেন বলেও তিনি দাবি করেন।

বিবৃতিতে এআইডিএসও জানায়, দিল্লির নির্ভয়া (দামিনী) ঘটনার পর গঠিত জাস্টিস বর্মা কমিশনের সুপারিশগুলি এখনও সম্পূর্ণভাবে কার্যকর করা হয়নি। ফলে দেশজুড়ে নারী, শিশু ও ছাত্রীরা এখনও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এআইডিএসও’র কেন্দ্রীয় কাউন্সিল আগামী ২৪ জুলাই হায়দরাবাদে একটি জাতীয় স্তরের কনভেনশনের আয়োজন করেছে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। দেশব্যাপী নারী সুরক্ষা আন্দোলনের রূপরেখা নির্ধারণে এই কনভেনশনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেবেন।

কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কনভেনশনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে জেলাজুড়ে প্রচার অভিযান চালানো হচ্ছে। অপরাধমুক্ত সমাজ গঠন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে এআইডিএসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *