বরাক তরঙ্গ, ২ জুলাই : জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবস উপলক্ষে গত ১ জুলাই রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের আর্থিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, কর্পোরেট সুশাসন এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট অতিথি ও এলাকার আর্থিক পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় দুই বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সিএ গুঞ্জন সিপানি এবং সিএ বিশাল জৈনকে তাঁদের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা এবং সমাজের প্রতি উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান মনোজ জৈন, মাঙ্গিলাল সুরানা, রোহান যাদব, পুলক দাস, ডা. শ্রেহাংশ সিপানি, সুহাস ধর-সহ রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের অন্যান্য সদস্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কেবল আর্থিক পরামর্শদাতা নন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের এই অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে সংবর্ধিত দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের হাতে উত্তরীয়, স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাঁদের সম্মানিত করা হয়।



