মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ মে : আগামীকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিকেলে পাথারকান্দি থেকে পাঁচ শতাধিক কর্মী-সমর্থক, দলীয় বিভিন্ন স্তরের পদাধিকারীরা ট্রেনযোগে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রার আগমুহূর্তে পাথারকান্দি রেলস্টেশন এলাকা যেন পরিণত হয় এক রাজনৈতিক উৎসবের মঞ্চে। হাতে দলীয় পতাকা, গলায় গেরুয়া উত্তরীয় এবং মুখে উচ্ছ্বাসের ঝলক নিয়ে কর্মী-সমর্থকেরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ব্যাপক উৎসাহ প্রকাশ করেন। লোয়াইরপোয়া মণ্ডল ও পাথারকান্দি মণ্ডলের বহু সক্রিয় কার্যকর্তা এদিন এই যাত্রায় অংশগ্রহণ করেন।

যাত্রাপথে বিভিন্ন কর্মী-সমর্থকদের প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা বলেন, রাজ্যে বিজেপি সরকারের আমলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলে তারা দাবি করেন। একইসঙ্গে নতুন সরকারের কাছে আরও উন্নয়নমূলক পদক্ষেপ ও সাধারণ মানুষের কল্যাণে নতুন পরিকল্পনার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

পরে ট্রেন ছাড়ার মুহূর্তে গোটা স্টেশন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বিজেপি সমর্থকদের স্লোগানে। “বিজেপি জিন্দাবাদ”, নরেন্দ্র মোদি জিন্দাবাদ “হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ “কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ” স্লোগানে সরগরম হয়ে ওঠে চারদিক। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ ও উদ্দীপনা স্পষ্টভাবে জানান দেয় যে, আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ এখন তুঙ্গে।

উল্লেখ্য, মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়াস্থ পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের বিশাল মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এই ঐতিহাসিক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ জাতীয় গণতান্ত্রিক জোটের একাধিক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অতিথিবৃন্দের। ফলে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



