বরাক তরঙ্গ, ২৮ মে : দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া ACS আধিকারিক লাচিতকুমার দাসকে অবশেষে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২১ মে থেকেই তাঁর বরখাস্তের নির্দেশ কার্যকর হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ৪৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতে-নাতে ধরা পড়েছিলেন তিনি।
উল্লেখ্য, দুর্নীতি দমন শাখার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কুইন গার্ডেন অ্যাপার্টমেন্টে তল্লাশির পর এবার গভীর রাতে হাউসফেডের একটি ফ্ল্যাটে অভিযান চালায় দুর্নীতি দমন শাখা। শুক্রবার রাত প্রায় আড়াইটার পর শুরু হওয়া অভিযানে প্রথম তলার বি-১০৪ নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় লাচিত দাসের লাইসেন্সপ্রাপ্ত একটি .৩২ বোর পিস্তল। পাশাপাশি একাধিক ব্যাঙ্ক পাসবুকও বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে বেলতলার কুইন গার্ডেন অ্যাপার্টমেন্টে লাচিত দাসের ফ্ল্যাটে ব্যাপক তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গেছে, মোট ১ কোটি ১৭ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একটি লোহার আলমারিতে ৪৪ লক্ষ টাকা এবং একটি ট্রাঙ্কে বাকি অর্থ রাখা ছিল বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, ওই ফ্ল্যাটে বসবাস করতেন লাচিত দাসের শ্যালক প্রাঞ্জলপ্রতিম বরুয়া, যিনি স্বাস্থ্য বিভাগে কর্মরত। মাসিক ২০ হাজার টাকায় ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল বলেও জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



