বরাক তরঙ্গ, ২৫ জুলাই : গুয়াহাটিতে কৃত্রিম জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে দূর করতে রাজ্য সরকারের উদ্যোগ আরও জোরদার হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় শনিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শনে নামেন সংশ্লিষ্ট মন্ত্রী কৌশিক রায়।
গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গড়চুক থেকে গোটানগর পর্যন্ত জাতীয় সড়কের দু’পাশের নালা-নর্দমার অবস্থা খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা, জল নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করা এবং বর্ষাকালে জলাবদ্ধতা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট আধিকারিকদের।
রাজ্য সরকারের দাবি, প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং নাগরিকদের সহযোগিতায় গুয়াহাটির কৃত্রিম জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



