শিলচরের বেহাল পরিকাঠামো নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ অভিজিৎ পালের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুন :
শিলচর শহরের ভাঙাচোরা রাস্তাঘাট, উন্নয়নের অভাব এবং পুরসভার আর্থিক স্বচ্ছতা নিয়ে বিজেপি সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক অভিযোগ উত্থাপন করেন। অভিজিৎ পালের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলচর শহরের অধিকাংশ রাস্তাই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে প্রেমতলা পয়েন্ট থেকে হাসপাতাল রোড এবং মেডিকেল রোড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই ওই গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাঁর দাবি, এই সড়কে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, নির্বাচনের আগে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে শিলচর শহরের উন্নয়নে তার প্রতিফলন দেখা যায়নি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় সড়কের নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাঁর বক্তব্য, মন্ত্রী ও বিধায়করা বারবার কাজ পরিদর্শন করলেও মহাসড়কের নির্মাণকাজ এখনও অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে।

বরাক উপত্যকার উন্নয়ন প্রসঙ্গেও বিজেপি সরকারের সমালোচনা করে অভিজিৎ পাল বলেন, সরকার বারবার উন্নয়নের দাবি করলেও বাস্তব চিত্র তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও বরাক উপত্যকা ও শিলচর শহরে কী ধরনের উন্নয়ন হয়েছে, তার জবাব সরকারের কাছে চেয়েছেন তিনি।

পুরসভার আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, পুরসভার অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে, তার স্বচ্ছ হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয় না। বিধায়ক, সাংসদ এবং সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সাহস থাকলে পুরসভার সমস্ত ব্যয়ের হিসাব প্রকাশ্যে তুলে ধরা হোক।

সাংবাদিক সম্মেলনের শেষে শিলচর শহরের ভাঙাচোরা রাস্তাঘাটের দ্রুত সংস্কার এবং অসম্পূর্ণ জাতীয় সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *