বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : রবিবার হালকা বৃষ্টির মাঝে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ‘বি’ গ্রুপ থেকে অন্তিম দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো এপি ধলাই এফসি। এদিন তারা প্রতিপক্ষ ভুবনডহর চা জনজাতি এফসি দলকে সাডেন ডেথ-এ ৭-৬ গোলের ব্যবধানে পরাস্ত করে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছে।
মাতৃভূমি এনজিও-র পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের খেলায় ২-১ গোলে এগিয়ে থাকে ভুবনডহর চা জনজাতি এফসি । গোল করেন স্ট্রাইকার সাহাদব মুড়া ও রুহিত কর্মকার যথাক্রমে খেলার ১৬ ও ২৭ মিনিটে। অপরদিকে ৩৪ মিনিটে রম্বল ধলাই এফ.সি-র পক্ষে একটি গোল করেন। প্রথমার্ধের লিড নিয়ে প্রবল আত্মবিশ্বাসী হয়ে উঠে ভুবনডহর চা জনজাতি এফসি, অন্যদিকে সমতায় ফেরার লক্ষ্যে মরণ কামড় দিয়ে ঝাঁপিয়ে পড়ে এপি ধলাই। দ্বিতীয়ার্ধের ৩৮ মিনিটে রম্বল ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে এপি ধলাই দলকে সমতায় ফেরান। ২-২ গোলে সমতায় আসায় বেশ জমে উঠে ম্যাচের পরিস্থিতি, আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে ম্যাচ । শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকার পর্যন্ত। অবশেষে সাডেন ডেথ-এ ৭-৬ গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় এপি ধলাই এফসি
এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এপি ধলাই দলের ১৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্জুন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী সত্যজিৎ গোস্বামী সুমন। অনুরূপ ভাবে স্থানীয় খেলোয়াড নিয়ে গঠিত ভুবনডহর দলকে লকেল টিমের পুরস্কার তুলে দেন সিপার লস্কর। এদিন খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মণ, ইজাজ লস্কর, বুলবুল লস্কর ও নুংশিতম্বী সিংহ। সোমবার ‘সি’ গ্রুপের প্রথম খেলায় ওয়াইথাই এফসি খেলবে ওয়াইএমসিএ এফসি-র বিরুদ্ধে।



