বরাক তরঙ্গ, ১২ জুলাই : কোকরাঝাড় জেলার সেফাংগুড়ি এলাকায় জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ শিক্ষক। শনিবার সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফকিরাগ্রামের পচাগড় এলাকার বাসিন্দা প্রসূন ধরের (২৯)।
জানা গেছে, ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই বাইক চালক তথা শিক্ষকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।
নিহত প্রসূন ধর হাড়ভাঙা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শিক্ষা মহলেও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।



