রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচরের সিঙ্গারী নেহরু হাইস্কুলের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা নন্দিতা হোম চৌধুরী। তিনি শিলচর মালুগ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার স্কুল ছুটির পর দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, স্কুলের শিক্ষিকা নন্দিতা স্কুল ছুটির পর রাস্তা পার হয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ইলেকট্রিক অটোর চালকের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি স্কুটি তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে শিক্ষিকা ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি সামনে থাকা অটোর পিছনে গিয়ে ধাক্কা মারে। এতে অটোর পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং স্কুটি চালকও গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর শিক্ষিকা কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। স্কুটি চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত দু’জনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রাতে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি থানায় নিয়ে যায়।
এদিকে, স্কুলের সামনে এমন দুর্ঘটনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্কুলের সামনে প্রতিদিন প্রচুর ছাত্রছাত্রী ও অভিভাবকের যাতায়াত থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। স্থানীয় জনগণ ও যুব সমাজের পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে স্কুলের সামনে স্পিড ব্রেকার বসানো এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।



