মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পাথারকান্দি কো-ডিস্ট্রিক্টের প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল প্রথম কো-ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিটির বৈঠক। বৃহস্পতিবার কো-ডিস্ট্রিক্ট কমিশনার ত্রিদিব রায়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দফতরের সাব-ডিভিশনাল পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে পাথারকান্দি বিধানসভা এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি কর্মসূচি, দফতরগুলির কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা নিজেদের অধীনে থাকা প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি ও বাস্তবায়নের পরিস্থিতি তুলে ধরেন।
উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যাতে কোনও ধরনের বিলম্ব না ঘটে, সেজন্য বিভিন্ন সরকারি দফতরের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বিশেষভাবে উঠে আসে তৃণমূল স্তরে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার বিষয়টি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা যেন শুধু শহর বা প্রশাসনিক কেন্দ্রের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষও যাতে প্রকল্পগুলির সরাসরি সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।

পাথারকান্দি বিধানসভা এলাকার স্থানীয় উন্নয়ন চাহিদা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিও বৈঠকে গুরুত্ব পায়। মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
প্রশাসনের মতে, কোনও উন্নয়ন প্রকল্পের সাফল্য শুধু অনুমোদন বা কাজ শুরু হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত সাফল্য তখনই, যখন তার সুফল সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে। সেই লক্ষ্যেই আন্তঃদফতর সমন্বয়, সময়ানুবর্তিতা ও জনমুখী প্রশাসনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করার বার্তা দেওয়া হয়।
পাথারকান্দি কো-ডিস্ট্রিক্টের প্রথম উন্নয়ন কমিটির এই বৈঠককে প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের মাধ্যমে সমন্বিত উন্নয়ন ও তৃণমূলমুখী পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।



