মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শ্রীভূমির রাতাবাড়ি থানার অন্তর্গত ভেয়াইরডালা গ্রামে প্রায় এক দশক আগে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করেছে শ্রীভূমি জেলা আদালত। মামলার দুই অভিযুক্ত সুফিয়ান উদ্দিন এবং তার স্ত্রী আমিনা বেগম ওরফে হাসিনা বেগমকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শ্রীভূমির জেলা ও দায়রা বিচারক আবু সুফিয়ান বদরুজা লস্কর। পাশাপাশি অভিযুক্তদের প্রত্যেককে ২০ হাজার করে জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত চত্বর থেকেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ জুন দুপুর প্রায় ১২টা নাগাদ ভেয়াইরডালা গ্রামের বাসিন্দা সুলেমান উদ্দিন নিজের জমির পাশে রাস্তার ধারে একটি দোকানঘর নির্মাণের কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় তার ভাই সুফিয়ান উদ্দিন ও ভাবি আমিনা বেগম ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুলেমান। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে তাদের ওপরও হামলা চালানোর অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গুরুতর জখম সুলেমান উদ্দিনকে প্রথমে চরগোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন, ৯ জুন নিহতের স্ত্রী আমিনা বেগম রাতাবাড়ি থানায় সুফিয়ান উদ্দিন ও হাসিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৫, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় ১২৯/২০১৬ নম্বর মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতিতে ১৫ জুন পুলিশ প্রধান অভিযুক্ত সুফিয়ান উদ্দিনকে গ্রেফতার করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে অবশেষে প্রায় দশ বছর পর এই বহুল আলোচিত মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল শ্রীভূমি জেলা আদালত।



