সেতু থেকে মহিলার ঝাঁপ, প্রাণ রক্ষা করলেন ভিন ধর্মীয় যুবক

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ মে : চলন্ত অটো থেকে নদীতে ঝাঁপ দেওয়া কালিন্দী পদবীর মহিলার প্রাণ রক্ষা করলেন কামাল হোসেন বড়ভূইয়া নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে আমড়াঘাটের ঝুলনপুলে। অভিযোগ, স্বামীর সঙ্গে বিবাদের জেরে ওই মহিলা রুকণী নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

প্রত্যক্ষদর্শী এক অটো চালক জানান, মঙ্গলবার বিকেল প্রায় আড়াইটা নাগাদ সেতু পার হওয়ার সময় হঠাৎই এক মহিলা অটো থেকে নেমে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বড়ভূইয়া দ্রুত নৌকা নিয়ে উদ্ধারকাজে নামেন। পরে অন্যান্যদের সহায়তায় মহিলাকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করে তীরে তোলা হয়।

এদিকে অভিযোগ, গৃহবধূর স্বামী মদ্যপ অবস্থায় থাকায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হাসপাতালে খোঁজ নিয়ে ওই দম্পতির কোনও সন্ধান না পেয়ে অটো চালকের সূত্র ধরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতির বাড়ি পূর্ব ধলাইয়ের আমড়াঘাটের সেন্ট কেথারিন এলাকায়। ঘটনার কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী ঘটনাস্থলে এসে স্ত্রীর ফেলে যাওয়া কাপড়চোপড় নিতে গেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে স্বামী জানান, প্রায় দু’মাস ধরে তিনি স্ত্রীর বাড়িতে থাকছিলেন। কিন্তু ‘ঘর জামাই’ হিসেবে থাকতে অস্বস্তি হওয়ায় তিনি স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্ত্রী বমি করার কথা বলে গাড়ি থেকে নেমেই নদীতে ঝাঁপ দেন বলে দাবি তার।
পরে পুলিশ তাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা বর্তমানে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *