‘ভাইব্র্যান্ট ভিলেজেস’ কর্মসূচির ইতিবাচক প্রভাব : অমিত শাহ

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : চিন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ৪০টি গ্রাম থেকে মানুষের অন্যত্র চলে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বন্ধ হয়েছে। পাশাপাশি পরিকাঠামো ও প্রাথমিক পরিষেবার উন্নতির ফলে ওই গ্রামগুলিতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। কেন্দ্র সরকারের ‘ভাইব্র্যান্ট ভিলেজেস’ কর্মসূচির ইতিবাচক প্রভাবেই এই পরিবর্তন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, চিন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের গ্রামগুলিতে ভাইব্র্যান্ট ভিলেজেস কর্মসূচির সুফল এখন দৃশ্যমান হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিকে দেশের শেষ প্রান্তের গ্রাম হিসেবে নয়, বরং দেশের প্রথম গ্রাম হিসেবে গড়ে তুলতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যেই পরিকাঠামো উন্নয়ন ও নাগরিক পরিষেবা সম্প্রসারণের কাজ চলছে।

শাহ জানান, সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে ভারতীয় সেনা এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশকে (আইটিবিপি) স্থানীয় বাসিন্দা ও সমবায় প্রতিষ্ঠানগুলির কাছ থেকে শাকসবজি, ডিম, দুধ, দুগ্ধজাত সামগ্রী এবং অন্যান্য কৃষিজ পণ্য কেনার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় কৃষক এবং মহিলাদের পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য নতুন বাজার তৈরি হচ্ছে। পাশাপাশি সীমান্তবাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে অর্থনৈতিক সম্পর্কও আরও মজবুত হচ্ছে।

অরুণাচল প্রদেশকে দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভর করে তুলতে দুগ্ধ, মৎস্য ও পশুপালন সমবায়ের প্রসারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাইরে থেকে এসব পণ্য আমদানি না করে রাজ্যের মধ্যেই উৎপাদন ও বিপণনের ব্যবস্থা করা গেলে অন্তত ৩২ হাজার পরিবার অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবে। এ লক্ষ্যে উপযুক্ত জলবায়ু ও পরিবেশ রয়েছে এমন গ্রামগুলিতে পশুপালন ও মৎস্যচাষ সম্প্রসারণে রাজ্য সরকারকে একটি সমন্বিত কর্মসূচি তৈরির আহ্বান জানান তিনি।

শাহ আশ্বাস দেন, রাজ্যে উৎপাদিত দুধ সংগ্রহ করবে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি) এবং আমুল। অরুণাচল প্রদেশে একটি দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্রও স্থাপন করা হবে। দুগ্ধশিল্পের উন্নয়নে জেলাভিত্তিক পরিকল্পনা তৈরির জন্য এনডিডিবি ও আমুলের প্রতিনিধিরা শীঘ্রই রাজ্য সফর করবেন বলেও জানান তিনি। এদিন ‘কো-অপারেটিভ ভিশন ২০৪৭’ প্রকাশ করে শাহ জানান, অরুণাচল প্রদেশে ১৮৫টি প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি, ৫২টি দুগ্ধ সমবায় এবং ৪৩টি মৎস্য সমবায়ের মাধ্যমে ৫৬ হাজারেরও বেশি মানুষ সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন।

অনুষ্ঠানে মোট ৫,৬১০.৯৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা ও সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে ১,৫০০ কোটি টাকার ‘মিশন শিক্ষিত অরুণাচল ফেজ-২’, ২,০০০ কোটি টাকার বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি এবং ২,০০০ কোটি টাকার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প।

এছাড়াও ভাইব্র্যান্ট ভিলেজেস কর্মসূচির আওতায় ১১টি সীমান্তবর্তী জেলায় ১১০.৯৫ কোটি টাকা ব্যয়ে আরও ১৯৯টি প্রকল্পের সূচনা করা হয়। সীমান্তবর্তী গ্রামগুলির জন্য সৌরশক্তিচালিত ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার গাড়িরও সূচনা করেন তিনি। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে ‘সারস মেলা’র উদ্বোধন করেন।

শাহ বলেন, গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে ব্যাপক গতি এসেছে। সড়ক, রেল, বিমান যোগাযোগ এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতে ইটানগর ও দিল্লির মধ্যে শীঘ্রই প্রতিদিন অতিরিক্ত একটি বিমান পরিষেবা চালুর সম্ভাবনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *