বরাক তরঙ্গ, ২৭ জুলাই : আন্তঃরাষ্ট্রীয় সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কিঞ্চিত’-এর হাইলাকান্দি শাখা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলার কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এই শাখা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাইলাকান্দি শাখার আহ্বায়ক ড. শতানন্দ ভট্টাচার্য।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. শতানন্দ ভট্টাচার্য বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, শান্তি, সম্প্রীতি, সংহতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মহান আদর্শকে সামনে রেখে ‘কিঞ্চিত’ কাজ করে চলেছে। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে বলেন, ‘কিঞ্চিত’-এর নিজস্ব কোনো ভাষা নেই। বিশ্বের সব ভাষার সাহিত্য ও সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে তাদের বিকাশ ও সংরক্ষণে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বের সব জাতি, সম্প্রদায় ও জনগোষ্ঠীর ভাষাকে নিজেদের মাতৃভাষার মতো সম্মান করার আদর্শে বিশ্বাস করে ‘কিঞ্চিত’। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের আবেগ, অনুভূতি ও চিন্তার বহিঃপ্রকাশ। তাই সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সচেতন, মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে সকল সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বিশিষ্ট কবি আশুতোষ দাস, অধ্যাপক ড. দেবাশিস গুহঠাকুরতা, সংস্কৃতিকর্মী পূরবী মিশ্র, সমাজকর্মী সুদীপ পাল, মাধবী শর্মা, অনামিকা শর্মা, ডা. নারায়ণ দেবনাথ, সঞ্জীব কুমার দেব, মহাশ্বেতা দেব, পঞ্চতপা নাথ এবং অনিন্দিতা পালসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
পরে সর্বসম্মতিক্রমে ‘কিঞ্চিত’-এর হাইলাকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন সাংবাদিক ড. শতানন্দ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাংবাদিক মিঠুলাল চৌধুরী। উপ-সভাপতি হিসেবে মনোনীত হন শিক্ষাবিদ ও সমাজকর্মী ড. দেবাশিস গুহঠাকুরতা। সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হন সঞ্জীব কুমার দেব। পত্রিকা সম্পাদক হিসেবে দায়িত্ব পান মহাশ্বেতা দেব, সাংস্কৃতিক সম্পাদক পূরবী মিশ্র, প্রচার সম্পাদক অনিন্দিতা পাল এবং সাংগঠনিক সম্পাদক সুদীপ পাল।
কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে মনোনীত হন ডাঃ মাণিকলাল ভৌমিক। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান কবি আশুতোষ দাস ও ডাঃ নারায়ণ দেবনাথ। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন মাধবী শর্মা, ভবেশচন্দ্র ডেকা, পঞ্চতপা নাথ, আবুল কালাম লস্কর এবং কল্পজ্যোতি ভট্টাচার্য।
অনুষ্ঠানের সূচনায় ভাগ্যশ্রী ভট্টাচার্য দেশাত্মবোধক গান ‘ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো’ এককভাবে পরিবেশন করেন। তাঁর সুমধুর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
ছবি : বক্তব্য রাখছেন নব নির্বাচিত সভাপতি ড. শতানন্দ ভট্টাচার্য।



