শিলচরে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’-এর অধীনে ১৪৩ মহিলাকে চেক প্রদান দীপায়নের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : অসম সরকারের ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ (এমএমইউএ) প্রকল্পের অধীনে শিলচরের গান্ধী ভবনে শুক্রবার বিকেলে স্বনির্ভর গোষ্ঠীর ১৪৩ জন মহিলা সদস্যের হাতে প্রত্যেকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে চেক প্রদান করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের ছোট ব্যবসা শুরু করতে উৎসাহিত করা এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে ‘লাখপতি বাইদেউ’ গড়ে তোলা।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রামীণ পরিবারের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি তিনি জানান, তাঁর বিধানসভা এলাকায় ইতিমধ্যেই একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং আরও বেশ কিছু প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসআরএলএম-এর ডিপিএম বিপ্লব কুমার নাথ ও সুনিতা সিনহা। স্বাগত বক্তব্য রাখেন এএসআরএলএম ব্লকের প্রজেক্ট ম্যানেজার দেবোদত্তা চৌধুরী। অনুষ্ঠানের শেষে বিধায়কসহ অন্যান্য অতিথিরা সরাসরি মহিলাদের হাতে চেক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *