বরাক তরঙ্গ, ২ মার্চ : চলতি বছরের প্রথম বৃষ্টিতেই রাস্তাজুড়ে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বড়খলা বাজারে। ফলে পথচারী ও যানবাহনের চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার এই করুণ অবস্থা দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তেমাথা রাস্তায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
এই জলাবদ্ধতার কারণে বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিদিনের যাতায়াত ব্যাহত হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।




