বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : বাংলাদেশে গরু পাচারের চেষ্টা নস্যাৎ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যৌথবাহিনী। খোয়াই থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং সীমান্তরক্ষী বাহিনীর ৭০ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে ৬টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক দাগী পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যার ভিত্তিতে খোয়াই এলাকার মূল পাচার চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান আরও জোরদার করতে পারে বলে সূত্রে জানা গেছে।
খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, শনিবার সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে খোয়াই থানার অন্তর্গত বড় বাঘাই সীমান্ত সেক্টরে নিয়মিত টহল চলাকালীন এসআই মদন সরকার ও এসআই ফ্রান্সিস হালামের নেতৃত্বে টিএসআর ও বিএসএফের যৌথ দল একটি রাবার বাগান সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় গবাদি পশুগুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সীমান্তের কাঁটাতারের নিকটে পশুগুলি জড়ো করে বাংলাদেশে পাচারের প্রস্তুতি চলছিল। অভিযান চলাকালীন পাচারকারী দলের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও যৌথবাহিনীর তৎপরতায় এক দাগী পাচারকারীকে আটক করা হয়। ধৃতের নাম সুমন সূত্রধর (৩৫)। তার বাড়ি খোয়াইয়ের সিঙ্গিছড়া ২ নম্বর এলাকায়।

ওসি কৃষ্ণধন সরকার আরও জানান, উদ্ধার হওয়া গবাদি পশুগুলিকে আইনানুগ প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাচার চক্রের মূল হোতাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।



