২৫ ফেব্রুয়ারি : দুর্নীতির অভিযোগে (Corruption Case) গ্রেপ্তারের পর ওডিশার (Odisha) এক খনি আধিকারিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করল রাজ্য ভিজিল্যান্স দপ্তর। ধৃত আধিকারিকের নাম দেবব্রত মোহান্তি, যিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা নগদ এবং ১৩০ গ্রাম সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, দেবব্রত মোহান্তির বিরুদ্ধে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত সুবিধা পাইয়ে দেওয়ার বদলে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠছিল। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ভিজিল্যান্সের পাতা ফাঁদে হাতেনাতে ধরা পড়েন তিনি (Vigilance Raid)। গ্রেপ্তারির পরপরই মোহান্তির একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করে প্রশাসন।
ভুবনেশ্বরে মোহান্তির ফ্ল্যাট, ভদ্রকে পৈতৃক বাড়ি এবং কটকের চেম্বারে একযোগে অভিযান চালানো হয়। ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন একটি ট্রলিব্যাগ এবং আলমারির ভেতর থরে থরে সাজানো নোটের বান্ডিল দেখে চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। প্রাথমিক গণনায় ৪ কোটি টাকা উদ্ধার হলেও, তদন্তকারীদের অনুমান আরও বিপুল পরিমাণ অর্থ লুকনো থাকতে পারে। নগদ ছাড়াও বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৩০ গ্রাম সোনা।
একজন সরকারি আধিকারিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় ওড়িশার প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আয়ের উৎসের সঙ্গে এই বিপুল সম্পত্তির কোনো সামঞ্জস্য না থাকায় তাঁর বিরুদ্ধে আয়ের অতিরিক্ত সম্পত্তির মামলা রুজু করা হচ্ছে। এই দুর্নীতির শিকড় আরও গভীরে কি না, তা খতিয়ে দেখছেন ভিজিল্যান্স আধিকারিকেরা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।



