শিক্ষক দিবসে শিক্ষাবিদ আব্দুল করিম বড়ভূইয়াকে সংবর্ধনা এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজহিতৈষী ও এনআইটি শিলচরের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল করিম বড়ভুইয়াকে সংবর্ধনা জানাল হাজি এস ইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। শিক্ষা, গবেষণা ও সমাজসেবায় তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

শনিবার বিকেলে মেহেরপুরের কাটাল রোডের একটি ভবনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উত্তরীয়, পুষ্পস্তবক, শংসাপত্র ও উপহারসামগ্রী তুলে দিয়ে ড. আব্দুল করিম বড়ভূইয়াকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সচিবালয়ের বরাক ভ্যালির যুগ্ম সচিব ড. খালেদা সুলতানা আহমেদ। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের গঠনমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো একটি ইতিবাচক ও অনুকরণীয় উদ্যোগ।

ফাউন্ডেশনের সভাপতি শিক্ষাবিদ ফখরুল ইসলাম মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক মিলন উদ্দিন লস্কর। তিনি ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি ড. আব্দুল করিম বড়ভুইয়ার দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই এমসিডি কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর, প্রাক্তন বিডিও শিহাবুদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজকর্মী সাধন পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী তমিজুল হক চৌধুরী, সমাজকর্মী রেজাউল করিম বড়ভূইয়া-সহ বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; সমাজের মূল্যবোধ, নৈতিকতা ও ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষক দিবসে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজহিতৈষীকে সম্মান জানানোর এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

সংবর্ধিত শিক্ষাবিদ ড. আব্দুল করিম বড়ভুইয়া তাঁর বক্তব্যে এনআইটি শিলচরে শিক্ষকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের পড়ানোর সময়ের নানা অভিজ্ঞতাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন। একইসঙ্গে এই সম্মান প্রদানের জন্য এস ইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী কামাল মজুমদার, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাহিনারা বড়ভূইয়া, আইনজীবী আনোয়ার হোসেন লস্কর, মওলানা নুরুল হক, মঞ্জিল লস্কর, আমির হোসেন লস্কর-সহ অন্যান্য বিশিষ্টজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *