বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : হিমালয় বিষয়ক যুগান্তকারী গবেষণার জন্য আন্তর্জাতিক শৈবাল (শেওলা) সম্মেলনে প্রথম পুরস্কার অর্জন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশবিজ্ঞান বিভাগের গবেষক রোমিত সিংহ রায়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক অ্যালগাল ও সায়ানোব্যাকটেরিয়া জীববিজ্ঞান সম্মেলনে পোস্টার উপস্থাপনার জন্য শনিবার তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
প্রসঙ্গত, রোমিত সিংহ রায় অধ্যাপিকা জয়শ্রী রাউতের তত্বাবধানে গবেষণা করছেন। পুরস্কারপ্রাপ্ত তাঁর পোস্টারের শিরোনাম ছিল— “পূর্ব হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলের উষ্ণ প্রস্রবণ থেকে শৈবালের অনুসন্ধান”। জীববৈচিত্র্য ও শ্রেণিবিন্যাস, জলবায়ু পরিবর্তন, বিকাশ ও বিবর্তনীয় জীববিজ্ঞান এবং সহাবস্থান সম্পর্কিত নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ অধিবেশনে তাঁর উপস্থাপনাটি সেরা হিসেবে নির্বাচিত হয়।
গবেষণায় উচ্চভূমির উষ্ণ প্রস্রবণের চরম রাসায়নিক ও তাপজনিত পরিবেশে টিকে থাকা শৈবাল প্রজাতির অনন্য অভিযোজন কৌশল তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য এলাকার ভবিষ্যৎ নিয়ে যখন বিশ্বজুড়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন, তখন রোমিত রায়ের এই গবেষণা পরিবেশগত চাপের মধ্যেও জীবের টিকে থাকার সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিশা দেখাচ্ছে।
এদিকে রোমিত সিংহ রায়ের এই সাফল্যে খুশি ব্যক্ত করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, ডিন (অ্যাকাডেমিক্স) অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য সহ অন্যরা।



