বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বরাক উপত্যকার মানুষের। বহুল প্রত্যাশিত শিলচর উড়ালপুল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী ১৪ মার্চ। এই ঘোষণা সামনে আসতেই জেলাজুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
এই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে ধন্যবাদ জানিয়েছে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শিলচরের মানুষ তীব্র যানজট ও নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সেই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই উড়ালপুল নির্মাণের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়েছিল।
উদ্যোক্তাদের উদ্যোগে গত বছরের নভেম্বর মাসে অনলাইন ও অফলাইনে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। বরাক উপত্যকা সহ দেশ-বিদেশের বহু মানুষ এই দাবির প্রতি সমর্থন জানান। প্রায় ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-যুব সমাজ এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একটি বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়, যেখানে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জোরদার করা হয়। কমিটির মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র শিলচর সফর এবং এই ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন বরাক উপত্যকার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফল করতে শিলচরের সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি।



