বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর কংগ্রেস নেতা তথা সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে কাছাড় জেলা বিজেপির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রবিবার বিকেল তিনটে নাগাদ প্রতিবাদ মিছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়ে শিলচর শহর পরিক্রমা করে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন প্রতিবাদকারীরা “গৌরব গগৈ পাকিস্তানি এজেন্ট”, “কংগ্রেস মুর্দাবাদ”, “গৌরব গগৈ গো ব্যাক” ইত্যাদি স্লোগানে শিলচর শহরের পরিবেশ উত্তাল করে তোলে। সেখানে গৌরব গগৈয়ের কুশপুতুল দাহ করেন তীব্র প্রতিবাদ জানান কর্মকর্তারা।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সামাগুড়ির বিধায়ক দীপুরঞ্জন শর্মা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা-সহ প্রায় পাঁচ শতাধিক বিজেপি নেতা-কর্মী ও সমর্থক। গৌরব বরাক উপত্যকায় ঢুকতে চাইলে বিরোধিতা করবে কাছাড় বিজেপি। দলের পক্ষ থেকে মন্ত্রী কৌশিক রায় একথা জানিয়ে কংগ্রেসিদের প্রতি আহ্বান জানান, তারাও যেন গৌরবকে এই উপত্যকায় আমন্ত্রণ না জানান। এ দিন রাজ্যের প্রায় সবক’টি জেলায় এই কর্মসূচি পালন করে বিজেপি।



