‘মিঞা’ বিরোধী অভিযান তীব্র হচ্ছে উজান অসমে

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : উজান অসমে ক্রমশ তীব্র হয়ে উঠছে ‘মিঞা’-বিরোধী অভিযান। জাতীয় সড়কের পাশে ‘মিঞা’-দের বিরুদ্ধে আক্রমণাত্মক বিভিন্ন স্লোগান সম্বলিত হোর্ডিং ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছে নানা দল ও সংগঠন। লখিমপুর, ডিব্রুগড়, যোরহাট, ধেমাজি, দুলিয়াজান-সহ উজান অসমের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে বড় বড় হোর্ডিং টাঙিয়ে সাধারণ মানুষকে ‘মিঞা’-বিরোধী বার্তা সম্পর্কে সজাগ করার চেষ্টা চলছে।

একাধিক দল-সংগঠন নিজ নিজ উদ্যোগে ব্যানার ও পোস্টার লাগিয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা করায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শিবসাগরের আমগুড়িতে প্রথমে অসমিয়া যুব মঞ্চ ‘মিঞা’-বিরোধী অভিযান শুরু করে। এর পরপরই অন্যান্য দল-সংগঠনও সক্রিয় হয়ে ওঠে। খিলঞ্জিয়া ঐক্য মঞ্চ, অসম-এর পক্ষ থেকে রাস্তার ধারে বিভিন্ন স্লোগান লেখা হোর্ডিং টাঙিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এসব হোর্ডিংয়ে ‘বাংলাদেশি মিঞা খেদাও, জাতি বাঁচাও’, ‘হাতে বিড়ি, মুখে পান—ভাগো মিঞা পাকিস্তান’, ‘আয় আয়, বেরিয়ে আয়, তাড়াও তাড়াও মিঞাদের তাড়াও’, ‘হাতে হেংদাং নেই, নিলে হেংদাং মিঞার রক্ষা নেই’—এর মতো স্লোগান ব্যবহার করা হয়েছে।
এছাড়াও সংশ্লিষ্ট সংগঠনগুলির তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, আগামী দিনে ‘মিঞা’-বিরোধী অভিযান আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *