বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : একাধিক দাবিতে মঙ্গলবার শিলচরে মিছিল সংগঠিত করল শিলচর আরবান অ্যারিয়া ই-অটো রিক্সা অনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। এদিন ট্রাঙ্ক রোডের গান্ধী মেলার মাঠের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা ধরনায় বসেন।
ধরনা কর্মসূচি শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটদের হাতে দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। স্মারকপত্রে শিলচর শহর এলাকায় বাইরের ই-অটোর চলাচল নিষিদ্ধ করা, দ্রুত শহরে ফ্লাইওভার নির্মাণসহ একাধিক দাবি তুলে ধরা হয়। স্মারকপত্রে সংস্থার সভাপতি রিপনকুমার ধর ও সাধারণ সম্পাদক অমূল্য নাথ স্বাক্ষর করেন। এদিন সংস্থার কর্মকর্তারা জানান, শহরের বাইরে থেকে আসা ই-অটোর চলাচল বন্ধের দাবি জানানো হলেও মানবিক দিকটি বিবেচনায় রাখা জরুরি। বিশেষ করে রোগী পরিবহণের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা থাকা উচিত বলে তারা মত প্রকাশ করেন। এ ক্ষেত্রে ই-অটোগুলিকে রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন বলেও দাবি জানান তারা।



