ধর্ষণের অভিযুক্ত যুবক পালানোর সময় পুলিশের গুলি, আহত

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ধর্ষণের অভিযুক্তকে লক্ষ্য করে কোকরাঝাড়ে পুলিশের গুলি। জানা গেছে, ধর্ষণের অভিযুক্ত রফিকুল ইসলাম পুলিশকে আক্রমণ করে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে রফিকুল আহত হন। প্রথমে তাঁকে কোকরাঝাড় আরএনবি অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কোকরাঝাড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় দু’জন পুলিশ জওয়ানও আহত হয়েছেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবার সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির পর রবিবার সন্ধ্যায় পুলিশ রফিকুলকে কোকরাঝাড়ে নিয়ে যাচ্ছিল। অভিযোগ অনুযায়ী, সেই সময় শৌচাগারে যাওয়ার অজুহাতে গাড়ি থেকে নেমে রফিকুল পুলিশকে আক্রমণ করে। এরপর সে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এমন পরিস্থিতিতে পুলিশ তাকে আটকাতে বাধ্য হয়ে গুলি চালায়। এতে রফিকুলের বাঁ পায়ে গুলি লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আহত রফিকুল ইসলামকে কোকরাঝাড় আরএনবি অসামরিক হাসপাতালে নিয়ে গেলেও প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে কোকরাঝার মেডিক্যাল কলেজে রেফার করেন।

উল্লেখ্য, ১০ জানুয়ারি সকালে কোকরাঝারের পাথারঘাট এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। মানসিকভাবে অসুস্থ এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাস্তা নির্মাণের কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত রফিকুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করলেও জেলাজুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শত শত মানুষ রাস্তায় নেমে ধর্ষণকারীর কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ পুলিশের গুলিতে আহত হয় রফিকুল ইসলাম। গোটা ঘটনা নিয়ে বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে আরও তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *