মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর রিপোর্টিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্র। নির্ধারিত সময়সীমার মধ্যেই Saral App-এর মাধ্যমে ১০০ শতাংশ রিপোর্টিং সম্পন্ন করে সাংগঠনিক সক্রিয়তা ও দায়বদ্ধতার নজির স্থাপন করেছে পাথারকান্দি।
এই সাফল্যের জন্য বিধানসভা কেন্দ্রের সকল নিষ্ঠাবান কার্যকর্তা, দলীয় কর্মী এবং সাধারণ নাগরিককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা উন্নয়ন ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির তিনবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
অভিনন্দন বার্তায় কৃষ্ণেন্দু পাল বলেন, নির্ধারিত সময়ের আগেই ১০০ শতাংশ রিপোর্টিং সম্পন্ন হওয়া নিছক সাংগঠনিক সাফল্য নয়। এর পেছনে রয়েছে কার্যকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়বদ্ধতা। কার্যকর্তা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘মন কি বাত’ দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনসংগ্রাম, সাফল্যের কাহিনি, সামাজিক উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি ও জনকল্যাণমূলক নানা বিষয় তুলে ধরা হয়। তাই এই কর্মসূচির সঙ্গে মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাথারকান্দির কার্যকর্তারা প্রযুক্তিনির্ভর Saral App-এর মাধ্যমে সময়ের আগেই রিপোর্টিং সম্পন্ন করায় সাংগঠনিক মহলে উৎসাহ দেখা দিয়েছে। তৃণমূল স্তরে কার্যকর্তাদের সক্রিয়তা সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী দিনেও একইভাবে ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করে পাথারকান্দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান কৃষ্ণেন্দু পাল।



