বিক্রমপুর চা-বাগানের শ্রমিকদের মানবিক উদ্যোগ, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪০ হাজার টাকা

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সম্প্রতি অসমের শিবসাগর, গোলাঘাট, চরাইদেও ও যোরহাট জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির স্থাপন করলেন বিক্রমপুর চা-বাগানের শ্রমিকরা। নিজেদের সাপ্তাহিক মজুরি থেকে প্রতিজন ১০০ টাকা করে সংগ্রহ করে মোট ৪০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন তাঁরা। সোমবার দুপুরে শিলচরের সদরঘাট রোডে অবস্থিত বরাক চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গিয়ে এই অনুদানের চেক সাধারণ সম্পাদক তথা উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার হাতে তুলে দেওয়া হয়। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলকুড়ি চা-বাগানের ম্যানেজার ওম প্রকাশ সিং, বিক্রমপুর চা-বাগানের ম্যানেজার অনুপ কুমার তেওয়ারি, বাগান পঞ্চায়েতের সভাপতি উত্তম ভূমিজ, সম্পাদক অনন্ত কর্মকার, মুক্তি নায়েক, অখিল কর্মকার, ধনেশ্বর মাঝি ও পরীক্ষিত ভূমিজ-সহ অন্যান্যরা।

বরাক চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা বলেন, সম্প্রতি শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও ও যোরহাটে ভয়াবহ বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের সাহায্যে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা দ্রুত ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অতীতে খুব একটা দেখা যায়নি।

তিনি আরও জানান, কয়েকদিন আগেই শিলকুড়ি চা-বাগানের শ্রমিকরা নিজেদের সাপ্তাহিক মজুরি থেকে ৫৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছিলেন। এবার বিক্রমপুর চা-বাগানের শ্রমিকদের ৪০ হাজার টাকার অনুদানও তাঁদের মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

শিলকুড়ি চা-বাগানের ম্যানেজার ওম প্রকাশ সিং জানান, বিক্রমপুর চা-বাগানের ম্যানেজার অনুপ কুমার তেওয়ারির সক্রিয় সহযোগিতায় অনুদান সংগ্রহ ও হস্তান্তরের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন এবং ত্রাণকার্য সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রার্থনা করেন।
অনুষ্ঠানের শেষে বরাক চা-শ্রমিক ইউনিয়নের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ ‘হীরক জয়ন্তী স্মরণিকা’ বিধায়ক রাজদীপ গোয়ালা শিলকুড়ি চা-বাগানের ম্যানেজার ওম প্রকাশ সিং এবং বিক্রমপুর চা-বাগানের ম্যানেজার অনুপ কুমার তেওয়ারির হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *