শ্রীভূমি জেলায় ১৩০৬০২ জনকে অরুণোদয় ৩.০ এর ধনরাশি প্রদান

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : নারী ক্ষমতায়ন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে আসাম সরকারের যুগান্তকারী পদক্ষেপ ‘অরুণোদয় ৩.০’ প্রকল্পের সুবিধা মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এদিন জেলায় ১ লক্ষ ৩০ হাজার ৬০২ জন হিতাধিকারীকে অরুণোদয় ৩.০ এর অর্থ প্রদান করা হয়। এতে জেলার চারটি বিধানসভার গ্রাম পঞ্চায়েত এলাকার ৯২টি স্থানে, শ্রীভূমি পুর এলাকার ১২টি স্থানে এবং রামকৃষ্ণ নগর পৌর এলাকার ৪টি স্থানে হিতাধিকারীদের ডিবিটির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ হাজার টাকা করে ধনরাশি প্রদান করা হয়।

এদিন জেলার মোট ১০৮টি স্থানে অরুণোদয় ৩.০ এর সুবিধা প্রদান করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলিতে গুয়াহাটির খানাপাড়া থেকে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচার করে দেখানো হয়। মঙ্গলবার জেলার উত্তর করিমগঞ্জ বিধান সভার ২৯৭৪৮ জন হিতাধিকারী, দক্ষিণ করিমগঞ্জ বিধান সভার ২৭৯৯৯ জন, পাথারকান্দি বিধান সভার ৩৬১৫৮ জন ও রামকৃষ্ণ নগর বিধান সভার ৩৬৬৯৭ জন হিতাধিকারীকে এই সুবিধা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *