আমরণ অনশনে অসুস্থ কর্মীরা, স্যালাইন দিতে বাধা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : চাকরি স্থায়ীকরণের দাবিতে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি  চত্বরে অস্থায়ী কর্মীদের অনির্দিষ্টকালীন আমরণ অনশন অব্যাহত রয়েছে। গত ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এই আন্দোলনে একাধিক অনশনকারী অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।

অনশনরত কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে জেলা কমিশনারের নির্দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল অনশনস্থলে পৌঁছায়। সেখানে অসুস্থ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, অসুস্থ অনশনকারীদের চিকিৎসার সময় স্যালাইন দেওয়ার ক্ষেত্রে NIT কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়েছে। এমনকি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া কর্মীদের স্যালাইন দেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।

এই অভিযোগকে কেন্দ্র করে অনশনস্থলে উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ সময় ধরে না খেয়ে অনশন চালিয়ে যাওয়ার ফলে বেশ কয়েকজন কর্মীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফলে অসুস্থ কর্মীদের দ্রুত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

জানা গেছে, অসুস্থ অনশনকারীদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পরবর্তীতে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, স্যালাইন দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে NIT কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *